জঙ্গলমহলের ভাগ্য বদলে মেগা ধামাকা! পানীয় জল থেকে ৩০ লক্ষ আবাসন, আর কী বড় সিদ্ধান্ত ঘোষণা হল?

জঙ্গলমহলের সার্বিক পরিকাঠামো উন্নয়ন ও স্থানীয় মানুষের সমস্যা সমাধানে একগুচ্ছ বড় প্রকল্পের কথা ঘোষণা করা হলো পুরুলিয়ার মানবাজারের প্রশাসনিক সভা থেকে। এই কর্মসূচির অন্যতম প্রধান আকর্ষণ ছিল জাজল সংস্থা ‘জাইকা’-র সহযোগিতায় প্রায় ১,২৯৬.২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি বৃহৎ পানীয় জল প্রকল্পের শুভ উদ্বোধন। প্রশাসন জানিয়েছে, এই প্রকল্প চালুর ফলে বরাবাজার, মানবাজার, পুঞ্চা ও আরষাসহ একাধিক এলাকা ও পৌরসভার প্রায় ৮৭ হাজার পরিবার সরাসরি উপকৃত হবেন এবং প্রতিদিন মাথাপিছু ৭০ লিটার পরিশোধিত পানীয় জল সরবরাহ করা হবে। এর পাশাপাশি, জল সংকট নিরসনে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের সাথে প্রায় ৩৯ হাজার কোটি টাকার নতুন দীর্ঘমেয়াদি জল চুক্তি সম্পাদনের কথা জানানো হয়েছে।
পানীয় জলের পাশাপাশি স্থানীয় সামাজিক ও আবাসন সমস্যার সমাধানেও একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে। প্রান্তিক ও গ্রামীণ জনগোষ্ঠীর মাথার উপর পাকা ছাদ সুনিশ্চিত করতে অঞ্চলে প্রায় ৩০ লক্ষ নতুন ঘর তৈরির রূপরেখা সামনে আনা হয়েছে। অন্যদিকে, জঙ্গলমহলের অন্যতম প্রধান অংশ কুড়মি সম্প্রদায়ের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দের মাধ্যমে পৃথক বোর্ড গঠনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার পাশাপাশি কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্তির ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ সমন্বয়ে পরিকাঠামো, পানীয় জল ও আবাসনের মতো ক্ষেত্রগুলিতে জোর দিয়ে এই দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে জঙ্গলমহলে সার্বিক পরিকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে বলে মনে করছে প্রশাসনিক মহল।