পশ্চিমবঙ্গকে আগের জায়গায় ফেরাতে হবে! স্বাধীনতা দিবসে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানে রাজ্যবাসীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে পশ্চিমবঙ্গকে উন্নয়নের পথে শীর্ষে ফিরিয়ে নিয়ে যাওয়ার জোরালো বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন রাজ্যকে তার ঐতিহাসিক গৌরব ফিরিয়ে আনার সংকল্প ব্যক্ত করে তিনি জানান, রাজনৈতিক সংকীর্ণতা ও মতপার্থক্য দূরে সরিয়ে ক্ষুদিরাম বসু এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাকে দেশের সেরা রাজ্যে রূপান্তর করাই তাঁদের সরকারের প্রধান অগ্রাধিকার। অনুষ্ঠানে উপস্থিত কলকাতা পুলিশ বাহিনীর সদস্যদের পাশাপাশি ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারকেও উষ্ণ অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী।
রাজ্যের সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে কর্মসংস্থান বৃদ্ধি, নারী সুরক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও শক্তিশালী করার ওপর বিশেষ জোর দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। পাহাড় থেকে সাগর এবং জঙ্গলমহল থেকে ডুয়ার্স—রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নয়নের সুষম আলো পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। গত ৯ মে ঐতিহাসিক ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে নেওয়া শপথ সংবিধান মেনে অক্ষরে অক্ষরে পালনের অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, ২০৪৭ সালের বিকশিত ভারতের লক্ষ্য পূরণে বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলাই এখন মূল লক্ষ্য।