স্বাধীনতা দিবসের আলো থেকে শর্ট সার্কিট? কলকাতা বিমানবন্দরে চাঞ্চল্যকর অগ্নিকাণ্ড
August 18, 202611:59 am

মঙ্গলবার ভোররাত চারটে নাগাদ কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) বিল্ডিংয়ের তিনতলায় হঠাৎই আগুন লেগে যায়। বহুতলের তিনতলা থেকে আগুনের ফুলকি ও কালো ধোঁয়া বেরোতে দেখে বিমানবন্দরের কর্মরত কর্মীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রথমে বিমানবন্দরে থাকা একটি এবং পরবর্তীতে আরও দুটি—মোট তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে বড় কোনো ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। দমকল বাহিনীর প্রাথমিক ধারণা, স্বাধীনতা দিবস উপলক্ষে সাজানো আলোকসজ্জার টুনি লাইট থেকে শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। উল্লেখ্য, এই বিল্ডিং থেকেই সমস্ত বিমান চলাচলের গতি ও দিক নির্দেশ করা হয়।