প্রসূতি মৃত্যু রুখতে রাজ্যে কড়া পদক্ষেপ, ‘দুই সন্তান নীতি’ আনার চিন্তাভাবনা স্বাস্থ্যদপ্তরের

প্রসূতি মৃত্যু রুখতে রাজ্যে কড়া পদক্ষেপ, ‘দুই সন্তান নীতি’ আনার চিন্তাভাবনা স্বাস্থ্যদপ্তরের

রাজ্যে প্রসূতি মৃত্যুর হার কমাতে এবার কড়া আইনি পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। প্রসূতি মৃত্যু রোধ করতেই রাজ্যে ‘হাম দো, হামারে দো’ বা সর্বোচ্চ দুই সন্তান নীতি চালুর চিন্তাভাবনা করা হচ্ছে বলে সোমবার স্বাস্থ্যভবনের এক বৈঠকের পর জানান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

স্বাস্থ্যদপ্তরের সমীক্ষায় উঠে এসেছে যে, অপ্রাপ্তবয়স্ক বয়সে গর্ভধারণ এবং বারবার সন্তান জন্ম দেওয়াই রাজ্যে প্রসূতি মৃত্যুর প্রধান কারণ। মন্ত্রী জানান, সম্প্রতি কিছু জেলায় ১৩ বা ১৪ নম্বর সন্তানের জন্ম দিতে গিয়ে একাধিক প্রসূতির মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে। বিশেষ করে মুর্শিদাবাদের সূতি ব্লকে এই ধরণের ঘটনার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। তাই এই পরিস্থিতি সামাল দিতেই কঠোর নীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী পরামর্শ দেন, দুটির বেশি সন্তান না নিয়ে স্থানীয় সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে নিখরচায় গর্ভনিরোধক ব্যবস্থা গ্রহণ করা উচিত।

এর পাশাপাশি স্বাস্থ্য পরিষেবায় স্বস্তি দিয়ে মন্ত্রী আরও ঘোষণা করেন, রাজ্যের প্রায় ১০০টি সরকারি হাসপাতালে চালু হতে চলেছে ‘অমৃত ফার্মেসি’। একটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তির মাধ্যমে এই ফার্মেসিগুলোতে ক্যানসারের ওষুধ ও চোখের লেন্স সহ বিভিন্ন চিকিৎসাসামগ্রী ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় বা কম দামে পাওয়া যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *