‘জোর করে জমি নয়, শিল্পে নতুন নীতি’: বাম-তৃণমূলকে একযোগে নিশানা শুভেন্দুর

‘জোর করে জমি নয়, শিল্পে নতুন নীতি’: বাম-তৃণমূলকে একযোগে নিশানা শুভেন্দুর

কলকাতা: শিল্প স্থাপনের উদ্দেশ্যে সরকার কোনোভাবেই জোরপূর্বক জমি অধিগ্রহণ করবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার পুরুলিয়ায় শিল্পমন্ত্রী তাপস রায়কে সঙ্গে নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্য সরকারের জমি নীতির এই রূপরেখা তুলে ধরেন তিনি। সেই সঙ্গেই পূর্বতন বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করে সুর চড়ান তিনি।

মানবাজারে পানীয় জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন এবং রঘুনাথপুরে একটি বেসরকারি ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন কর্মসূচিতে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্য সরকারের জমি নীতি প্রসঙ্গে তিনি বলেন, “৩৪ বছরের শাসনামলে বন্দুকের মুখে জমি নিতে দেখা গেছে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতিকর। পরবর্তী ১৫ বছর আবার এমন পরিবেশ তৈরি হয়েছিল যেখানে সরকার শিল্প সংস্থাকে জানিয়ে দিত তারা জমি দিতে পারবে না। আমরা এই দুই ধরনের মানসিকতা থেকেই বেরিয়ে এসেছি।”

তিনি আরও জানান যে, সরকার জোর করে জমি অধিগ্রহণ না করলেও শিল্পের জন্য জমি নিশ্চিত করবে। এর জন্য ‘ল্যান্ড পারচেজ’, ‘ল্যান্ড পুলিং’ এবং ‘ল্যান্ড ডেভেলপমেন্ট’ নীতি কার্যকর করার ওপর জোর দেওয়া হচ্ছে।

বিগত আমলের রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য থেকে উগ্র ট্রেড ইউনিয়ন ব্যবস্থা এবং কারখানা বন্ধের রাজনীতি স্থায়ীভাবে দূর করতে চায় তাঁর সরকার। একই সঙ্গে ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগকারীদের ক্ষেত্রে ছাড়পত্রের জটিলতা কমাতে বিশেষ ব্যবস্থার কথা ঘোষণা করেন তিনি—যেখানে সরাসরি কেন্দ্রীয় স্তর থেকেই অনুমোদন মিলবে, জেলা পরিষদ বা পুরসভায় ঘোরার প্রয়োজন হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *