রাজ্যে প্রথমবার মেগা রোজগার মেলা, কর্মসংস্থানের সুযোগ হাজার হাজার তরুণ-তরুণীর

রাজ্যে প্রথমবার মেগা রোজগার মেলা, কর্মসংস্থানের সুযোগ হাজার হাজার তরুণ-তরুণীর

পশ্চিমবঙ্গে এই প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে বৃহৎ কর্মসংস্থান মেলা ‘কৌশল মহোৎসব’। কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের সহায়তায় এবং স্থানীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারের বিশেষ প্রচেষ্টায় বালুরঘাট স্টেডিয়ামে এই মেগা মেলা আয়োজিত হচ্ছে। এর মাধ্যমে রাজ্য তথা জেলার বহু শিক্ষিত বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।

এই মেলায় উইপ্রো, টাটা গ্রুপ এবং অ্যাক্সিস ব্যাংকের মতো দেশের শীর্ষস্থানীয় ৫০টিরও বেশি কর্পোরেট প্রতিষ্ঠানসহ প্রায় ১০০টি নামজাদা সংস্থা অংশ নিচ্ছে। আয়োজকদের মতে, এখান থেকে অন্তত ৭ হাজারেরও বেশি পদে সরাসরি কর্মী নিয়োগ করা হবে। মেলায় উপস্থিত প্রার্থীরা সরাসরি ইন্টারভিউ ও দক্ষতা যাচাইয়ের মাধ্যমে নিয়োগের সুযোগ পাবেন।

অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বালা সুভ্রমনিয়াম টি ব্যক্তিগতভাবে মাঠ পরিদর্শন করেছেন এবং সব চাকরিপ্রার্থীকে এতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। মন্ত্রী সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরী ও প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে স্থানীয় তরুণ-তরুণীদের এই সুযোগ গ্রহণের অনুরোধ করেছেন।

উল্লেখ্য, দেশের যুবসমাজকে স্বনির্ভর করতে কেন্দ্রের এই ‘কৌশল মহোৎসব’ এর আগে ১০টি স্থানে সফলভাবে সম্পন্ন হয়েছে। একাদশতম আয়োজন হিসেবে এবার পশ্চিমবঙ্গে এই মেগা মেলা অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *