তারাপীঠে অগ্নিকাণ্ড: টানা জেরায় অসঙ্গতি, পুলিশের জালে লজ মালিকের ছেলে; মৃত বেড়ে ৯

তারাপীঠ: বীরভূমের তারাপীঠের ‘বিদেশিনী লজ’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বড়সড় আইনি পদক্ষেপ নিল পুলিশ। জিজ্ঞাসাবাদের মুখে বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ায় সোমবার রাতে লজের মালিকের ছেলে কল্যাণ আশিল পালকে গ্রেপ্তার করা হয়েছে। তবে লজের মূল মালিক তাপস পাল এখনো পলাতক। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে।
ভোররাতের এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯-এ। এছাড়া ৭ জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ট্র্যাজেডির পর পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। লজটিকে ইতিমধ্যেই সিল করা হয়েছে এবং ধৃতকে আজ আদালতে পেশ করা হবে।
ঘটনার গভীরতা বুঝে প্রশাসন ও দমকলের শীর্ষ কর্তারা দ্রুত এলাকা পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী, বর্ধমান রেঞ্জের ডিআইজি শ্রীহরি পাণ্ডে, বীরভূমের জেলাশাসক ধবল জৈন এবং জেলা পুলিশ সুপার বিদীত রাজ ভুন্দেশ। জেলা পুলিশ সুপার জানান, লজের অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত ছিল কি না তা খতিয়ে দেখার পাশাপাশি ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে।
এই দুর্ঘটনার পর পুরো তারাপীঠের হোটেল ও লজগুলোর নিরাপত্তা ব্যবস্থা কঠোর নজরদারির আওতায় আনা হচ্ছে। বৈদ্যুতিক তার, ডিস্ট্রিবিউশন বোর্ড, আর্থিং এবং লোড ক্ষমতার পাশাপাশি ফায়ার এক্সটিংগুইশার, অ্যালার্ম, জলের মজুত ও জরুরি আলো ঠিক রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আসন্ন কৌশিকী অমাবস্যার আগেই ত্রুটিযুক্ত হোটেলগুলোর লাইসেন্স বাতিল বা প্রয়োজনে সাময়িকভাবে ব্যবসা বন্ধ করে দেওয়া হতে পারে।