আমেরিকা ‘বাঁচাতে’ ভারতেরই মডেল! ট্রাম্পের মুখে ভারতীয় নির্বাচন ব্যবস্থার প্রশংসা

ভারতে নির্বাচন সংক্রান্ত আলোচনার মাঝেই মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটিং ব্যবস্থার আমূল পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি জানান, ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সাথে আলোচনার পরেই তিনি মার্কিন নির্বাচন প্রক্রিয়ায় কিছু নতুন নিয়ম চালুর কথা ভাবছেন। ট্রাম্পের মতে, আমেরিকার নির্বাচন ব্যবস্থাকে আরও সুরক্ষিত করতে ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ (SAVE Act) দ্রুত পাশ করা প্রয়োজন।
ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেন, ভারতের বিশাল জনসংখ্যা সত্ত্বেও সেখানে প্রত্যেক ভোটারের জন্য বৈধ সচিত্র পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক এবং খুব অল্প সংখ্যক ভোটারই ডাকযোগে (পোস্টাল ব্যালট) ভোট দেন। আমেরিকার ক্ষেত্রেও সচিত্র পরিচয়পত্র বাধ্যতামূলক করা এবং ডাকযোগে ভোট দেওয়ার প্রবণতা কমানোর পক্ষে সওয়াল করেছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২৮ সালের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ভোটার সংক্রান্ত আইনে এই ধরনের সংস্কার আনার প্রস্তাব নিয়ে বর্তমানে নানা স্তরে আলোচনা চলছে।