“অনুব্রত-চন্দ্রনাথের মদতেই দখল!” চার বিঘা জমি ফেরত পেতে প্রাশাসনিক হস্তক্ষেপ চাইলেন পূর্ণদাস বাউল

বীরভূম: বীরভূমের ইলামবাজারে নিজেদের চার বিঘা জমি জবরদখলের অভিযোগে মঙ্গলবার জেলাশাসকের দ্বারস্থ হলেন বিশিষ্ট বাউলশিল্পী পূর্ণদাস বাউল এবং তাঁর ছেলে দিব্যেন্দু দাস বাউল। বীরভূমের জেলাশাসক ধবল জৈন এ বিষয়ে জানান, জমি সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
১৯৭৭ সালে ইলামবাজার থানার কামারপাড়া মৌজায় রাস্তার ধারে চার বিঘা জমি কিনেছিলেন পূর্ণদাস বাউল। অভিযোগ, ২০০৬ সালের পর থেকে সুকুল টুডু নামের এক ব্যক্তি সেই জমি ধীরে ধীরে দখল করে রাখেন। বারবার বলা সত্ত্বেও জমি উদ্ধার করা সম্ভব হয়নি। এর আগেও তিনি জেলাশাসক এবং ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের কাছে আবেদন জানান। এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অনুষ্ঠানেও বিষয়টি তুলে ধরেন, তবে কাজের কাজ কিছু হয়নি। পূর্বে জমি মাপজোকের প্রক্রিয়া শুরু হলেও তা আর এগোয়নি।
দিব্যেন্দু দাস বাউলের অভিযোগ, তৎকালীন রাজনৈতিক প্রভাবশালী অনুব্রত মণ্ডল ও চন্দ্রনাথ সিংহের পরোক্ষ মদতেই এই জমি দখল করে রাখা হয়েছে। অন্যদিকে, পূর্ণদাস বাউল জানান, বাউল সংস্কৃতির প্রচার ও শিক্ষার প্রসারে এই জমিটি সামাজিক কাজে ব্যবহার করাই তাঁদের মূল উদ্দেশ্য। জমিটি ফেরত পেয়ে সেই পরিকল্পনা বাস্তবায়িত করতেই তাঁরা প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।