খাবার নয় যেন বিষ! সুরাতে রেস্তরাঁর খাবারে শিশুটির করুণ মৃত্যু, সিল জনপ্রিয় হোটেল

গুজরাটের সুরাটে রেস্তরাঁর খাবার খেয়ে প্রাণ গেল ৫ বছরের এক শিশুকন্যার। খাদ্য বিষক্রিয়ায় (Food Poisoning) গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পরিবারের আরও ৪ সদস্য। গত ১৫ আগস্ট সুরাটের বরাছা এলাকার ‘শীতল রেস্তরাঁ’ থেকে খাবার অর্ডার করেছিল পরিবারটি। পরদিন থেকেই বমি ও পেটের সমস্যায় ভোগার পর ১৭ আগস্ট শিশুকন্যাটি অচেতন হয়ে পড়লে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বর্তমানে শিশুটির মা ও দুই ভাই-বোন হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তাদের অবস্থা স্থিতিশীল। ঘটনার পর সুরত মিউনিসিপ্যাল কর্পোরেশন (SMC) ওই রেস্তরাঁয় অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার চরম গাফিলতি দেখতে পায় এবং তড়িঘড়ি রেস্তরাঁটি সিল করে দেয়। খাবারের নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী প্রফুল পনশেরিয়া ঘটনার পর সুরাটের সমস্ত রেস্তরাঁ ও খাবারের দোকানে পরিচ্ছন্নতা পরীক্ষা করতে কঠোর অভিযানের নির্দেশ দিয়েছেন।