রিষড়া থেকে গ্রেফতার পাক গুপ্তচরের ‘সহযোগী’! রাজ্যে ছড়িয়ে থাকা গুপ্তচর চক্রের সন্ধানে STF

রাজ্যজুড়ে আন্তর্জাতিক গুপ্তচর চক্রের জাল ফাঁটাতে বড় সাফল্য পেল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। পাকিস্তানি গুপ্তচর রানা রউফকে প্রত্যক্ষ সহায়তা করার অভিযোগে এবার রিষড়া থেকে গ্রেফতার করা হলো জাফর শামস নামে এক ব্যক্তিকে। বুধবার গভীর রাতে (রাত আনুমানিক ২টো) রিষড়ার সন্ধ্যাবাজার এলাকা থেকে তাকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।
কীভাবে সাহায্য করত অভিযুক্ত? তদন্তকারী সূত্রে খবর, ধৃত জাফর শামস পাক গুপ্তচর রানা রউফকে স্থানীয় এলাকায় থিতু হতে বড় ভূমিকা নিয়েছিল। রানাকে নিজের বন্ধু বলে পরিচয় দিয়ে এলাকায় তার গ্রহণযোগ্যতা তৈরি করে সে। শুধু তাই নয়, রানাকে লোকচক্ষুর আড়ালে রাখতে এবং তার আর্থিক সংস্থানের জন্য হাওড়ার সালকিয়ার একটি কারখানায় কাজের ব্যবস্থাও করে দিয়েছিল এই জাফর।
সামরিক তথ্য পাচারের আশঙ্কা: STF-এর দাবি, ধৃত রানা রউফ ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাঁটি এবং সামরিক পরিকাঠামো সংক্রান্ত অত্যন্ত সংবেদনশীল তথ্য সংগ্রহ করছিল। সংগৃহীত সেই সমস্ত তথ্য সীমান্ত পার করে পাকিস্তানে পাচার করা হয়েছিল কি না, তা এখন গভীরভাবে খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
তদন্তকারীদের নজরে রহস্যের উৎস: জাফরের গ্রেফতারিকে এই মামলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করছেন তদন্তকারীরা। জাফরের ভূমিকা কি কেবল বন্ধুত্বের খাতিরে আশ্রয় ও কাজ পাইয়ে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল, নাকি সে নিজেও এই আন্তর্জাতিক গুপ্তচর নেটওয়ার্কের কোনো সক্রিয় সদস্য—তা জানতে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রানা রউফ ও জাফরের সম্পর্ক কতদিনের এবং এই চক্রের সঙ্গে রাজ্য বা দেশের অন্য কারও যোগাযোগ রয়েছে কি না, তার মূল খোঁজার চেষ্টা চালাচ্ছে STF।