ডিভোর্স নয়, বরফ গলল সম্পর্কে! ৩৮ বছরের বিবাহিত জীবন বাঁচাতে বড় পদক্ষেপ গোবিন্দা-সুনীতার

গত কয়েকদিন ধরেই বলিউড অভিনেতা গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজার সম্পর্কের টানাপোড়েন নিয়ে বিনোদন দুনিয়ায় শোরগোল চলছিল। পারিবারিক কলহ, তৃতীয় ব্যক্তির প্রবেশ ও পরকীয়ার অভিযোগে বারবার সংবাদ শিরোনামে এসেছেন এই তারকা দম্পতি। এর মধ্যেই বুধবার সকালে প্রায় ৩৮ বছরের দাম্পত্যের পর মুম্বইয়ের ফ্যামিলি কোর্টে সুনীতাকে দেখা যাওয়ায় নতুন করে তোলপাড় শুরু হয়।
পুত্র যশবর্ধনের সঙ্গে আদালত থেকে বের হওয়ার সময় সুনীতাকে বেশ বিধ্বস্ত দেখায় এবং তিনি পাপারাজ্জিদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এই ছবি ও ভিডিও ভাইরাল হতেই চারপাশে রটে যায় যে, তাঁদের ডিভোর্সের আইনি প্রক্রিয়া চূড়ান্ত করতেই এই আদালত সফর।
তবে এই গুঞ্জনের মাঝেই সমস্ত জল্পনায় জল ঢেলেছে অভিনেতার টিম। তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিচ্ছেদ নয়, বরং গোবিন্দার বিরুদ্ধে আগে দায়ের করা ডিভোর্সের মামলাটি প্রত্যাহার করে নিতেই আদালতে গিয়েছিলেন সুনীতা। অর্থাৎ, সম্পর্কের জট কাটিয়ে এটি একটি ইতিবাচক ও খুশির খবর।
কিছুদিন আগেই সুনীতার কিছু বিস্ফোরক মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ভিডিও বার্তার মাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন গোবিন্দা। অভিনেতা স্পষ্ট জানান, এসব মন্তব্যে তাঁর দীর্ঘদিনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। গোবিন্দার সেই আইনি বার্তা ও কড়া সুরের কারণেই কি সুনীতা বিচ্ছেদের আবেদন ফিরিয়ে নিলেন? আপাতত এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বলিউড মহলে।