মোহন ভাগবতের কানাডা সফর ঘিরে রাজনৈতিক যুদ্ধ, একদিকে ১০০ সংগঠন, অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞা!

আরএসএস প্রধান মোহন ভাগবতের প্রস্তাবিত আন্তর্জাতিক সফর ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে কানাডায় তাঁর প্রবেশ আটকে দেওয়ার দাবির মুখে শতাধিক সংগঠন প্রধানমন্ত্রী মার্ক কার্নির কাছে চিঠি লিখে তাঁর পাশে দাঁড়িয়েছে। কানাডা ইন্ডিয়া ফাউন্ডেশন ও ভিএইচপি কানাডাসহ নানা সাংস্কৃতিক গোষ্ঠী দাবি করেছে, উপযুক্ত প্রমাণ ছাড়া শুধু রাজনৈতিক চাপের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। মোহন ভাগবতের বিরুদ্ধে ওঠা বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগ আইনি প্রক্রিয়ায় যাচাই করার পাশাপাশি কানাডার ১০ লক্ষাধিক হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতি ও অধিকার রক্ষার আহ্বান জানিয়েছে সংগঠনগুলি।
অন্যদিকে, মোহন ভাগবতের আমেরিকা সফর নিয়েও জোরালো বিতর্ক তৈরি হয়েছে। আগামী ২৫ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই সফরে নিউইয়র্কের একটি অনুষ্ঠানে তাঁর বক্তব্য রাখার কথা থাকলেও, মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন (USCIRF) এর বিরোধিতা করেছে। কমিশনের মতে, আরএসএস-এর সঙ্গে যুক্ত কিছু গোষ্ঠীর বিরুদ্ধে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ রয়েছে, তাই প্রয়োজনে ব্যক্তিগত নিষেধাজ্ঞার বিষয়টি ভাবা উচিত। অবশ্য ভারত আগে থেকেই মার্কিন কমিশনের এমন অবস্থানকে ‘একপেশে’ বলে প্রত্যাখ্যান করে আসছে। সব মিলিয়ে কানাডা সরকার কী আইনি সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।