অনলাইন অর্ডারে ঠান্ডা পানীয়ের সঙ্গে মিলল আরশোলা! ভয়াবহ কাণ্ডে সোশাল মিডিয়ায় সোচ্চার অভিনেত্রী শ্বেতা তিওয়ারি

অনলাইন ডেলিভারিতে ঠান্ডা পানীয় অর্ডার করে চরম বিড়ম্বনার মুখে পড়লেন ‘কসৌটি জিন্দেগি কে’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। পানীয়ের প্যাকেট খুলতেই তার ভিতর থেকে একটি জ্যান্ত আরশোলা বেরিয়ে আসে। এই অনভিপ্রেত ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করে অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে পানীয়ের সঙ্গে আসা আরশোলাটি উড়ে বেড়াতে দেখা যায়। সহকর্মীদের নিয়ে পুরো বিষয়টি কৌতুকের ছলে উপস্থাপনা করলেও খাদ্য নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
ঘটনায় ক্ষুব্ধ অভিনেত্রী সরাসরি মহারাষ্ট্রের ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ (এফডিএ)-এর কমিশনার তুকারাম মুন্ধেকে ট্যাগ করে বিষয়টি নজরে আনার অনুরোধ জানান। শ্বেতা বার্তা দিয়ে কমিশনারকে বলেন, এখন অনলাইনে পানীয়ের পাশাপাশি বাড়িতে আরশোলাও পৌঁছা যাচ্ছে, তাই কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘনের বিষয়ে প্রশাসন বর্তমানে অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছে। ইতিমধ্যেই অনিয়মের অভিযোগে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলসহ কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।