বেহাল রাস্তার মাশুল দিল এক একরত্তি প্রাণ

পূর্ব বর্ধমানের গলসি বিধানসভার বুদবুদ থানার চাকতেতুল পঞ্চায়েতের বাউরিপাড়ায় বেহাল রাস্তার কারণে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। কাদা ও হাঁটু সমান জলে ভরা রাস্তার কারণে গ্রামে ঢুকতে পারেনি অ্যাম্বুল্যান্স। এর ফলে সঠিক সময়ে হাসপাতালে পৌঁছাতে না পেরে এক ছয় মাসের শিশুর করুণ মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। মৃত শিশুর মাসি মাধবী বাউরি জানান, রাস্তা এতটাই খারাপ ছিল যে শিশুটিকে নিয়ে তারা সময়মতো প্রধান সড়কে পৌঁছাতে পারেননি। গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে এই মূল রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি, যার ফলে প্রায় দুই শতাধিক পরিবার বর্ষাকালে চরম ভোগান্তির শিকার হয়।
শিশুটির মৃত্যুর খবর চাউর হতেই বৃহস্পতিবার সকালে ফুঁসে ওঠেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। বেহাল রাস্তা অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখান বাউরিপাড়ার বাসিন্দারা, যার জেরে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ প্রশাসন। ঘটনার বিষয়ে স্থানীয় বিধায়ক রাজু পাত্র সরকারি আধিকারিকদের গাফিলতিকে দায়ী করেছেন। পরবর্তীতে পুলিশ ও বিধায়কের পক্ষ থেকে রাস্তা দ্রুত মেরামতের প্রশাসনিক আশ্বাস মিললে উত্তেজিত গ্রামবাসীরা অবশেষে বিক্ষোভ তুলে নেন।