ভাগবতের মার্কিন সফরের আগেই তোলপাড়, আরএসএস-কে নিষিদ্ধ করার তীব্র দাবি আমেরিকার সংস্থায়!

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের নিউ ইয়র্ক সফরের ঠিক আগেই সংগঠনটিকে আমেরিকায় নিষিদ্ধ করার জোরালো দাবি উঠেছে। মার্কিন ধর্মীয় স্বাধীনতা সংস্থার (ইউএসসিআইআরএফ) কর্তা আসিফ মাহমুদ এবং কমিশনার জিন মিলস অভিযোগ করেছেন, সংঘের বিভিন্ন শাখা সংগঠন ভারতে সংখ্যালঘু খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের ওপর ধারাবাহিক হামলা চালাচ্ছে। তাঁরা স্পষ্ট জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই সংগঠনের সদস্য এবং মার্কিন সরকারের উচিত সংঘ নেতাদের সঙ্গে কোনো উচ্চপর্যায়ের বৈঠক না করে, তাঁদের কূটনৈতিক সৌজন্য দেখানো বন্ধ করা। এমনকি মানবাধিকার সংস্থা ‘হিন্দুস ফর হিউম্যান রাইটস’-ও ভাগবতের এই সফরের তীব্র সমালোচনা করেছে।
অন্যান্য দেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে ওয়াশিংটন প্রায়ই প্রশ্ন তুললেও নিজ দেশের দীর্ঘদিনের বর্ণবৈষম্যের ইতিহাস তাদের আড়াল করে রাখে। গত মার্চে পেশ করা একটি রিপোর্টে ইউএসসিআইআরএফ ভারতের বিরুদ্ধে ধর্মীয় স্বাধীনতা খর্ব করার অভিযোগ এনে আরএসএস এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ ও তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সুপারিশ করেছিল। সেই বিতর্কের আবহেই সংঘপ্রধানের এই সফর কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন চাপানউতোর শুরু হয়েছে। আমেরিকার আধিকারিকরা এখন আরএসএস প্রধানের আগমন ঠেকাতে মার্কিন প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছেন।