জরুরি পথ বন্ধ থাকায় ট্র্যাজেডি: নিউ মার্কেটের গেস্ট হাউসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, কড়া আইনি পদক্ষেপের পথে দমকল

জরুরি পথ বন্ধ থাকায় ট্র্যাজেডি: নিউ মার্কেটের গেস্ট হাউসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, কড়া আইনি পদক্ষেপের পথে দমকল

কলকাতার নিউ মার্কেট এলাকা সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ নামের একটি গেস্ট হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন জীবন্ত দগ্ধ হয়ে বা শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে ৮ জনই বাংলাদেশের বাসিন্দা। সংকীর্ণ ও জনবহুল এলাকায় গড়ে ওঠা এই গেস্ট হাউসটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থার চরম গাফিলতি প্রকাশ পাওয়ায় শহরের হোটেল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।

তদন্তে জানা গেছে, গেস্ট হাউসটির পেছনের জরুরি বেরোনোর পথটি (Emergency Exit) দেয়াল তুলে বন্ধ করে রাখা হয়েছিল। ফলে আগুন লাগার পর ভেতরের বাসিন্দারা আটকে পড়েন। এই মর্মান্তিক ঘটনার পর দমকল বিভাগ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। ফায়ার সার্ভিস আইনের ৩৭এ ধারায় মির্জা গালিব স্ট্রিটের ৯টি গেস্ট হাউস এবং ৪টি রেস্তোরাঁ-বারকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অগ্নিনির্বাপণ ব্যবস্থার বিস্তারিত তথ্য সহ নোটিশের জবাব দিতে বলা হয়েছে। উত্তর সন্তোষজনক না হলে প্রতিষ্ঠানগুলি অবিলম্বে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে।

এদিকে, বৃহস্পতিবার সকালে নিহতদের মধ্যে আরও ২ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তাঁরা হলেন বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা রেবতী সরকার এবং ব্যবসায়ী এস এম আলিমুজ্জামান। চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় এসে আলিমুজ্জামান ওই গেস্ট হাউসে উঠেছিলেন। বাংলাদেশ হাই কমিশনের সহযোগিতায় হোটেল রেজিস্টার, পাসপোর্ট নম্বর ও প্রয়োজনীয় নথি মিলিয়ে এই দুইজনের পরিচয় সুনিশ্চিত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *