ধূমপান করেন না? তবুও থাবা বসাতে পারে মুখের ক্যানসার! কোন মারাত্মক লক্ষণে হবেন সতর্ক?

সিগারেটের ধোঁয়া এড়িয়ে চললেই কি এড়ানো যায় মুখের ক্যানসার? আধুনিক চিকিৎসাবিজ্ঞান জানাচ্ছে, বাস্তব চিত্রটি ততটা সহজ নয়। অনেকেই মনে করেন ধূমপান না করলে এই মারাত্মক রোগের আশঙ্কা নেই, কিন্তু চিকিৎসকদের মতে জর্দা, খৈনি, গুটখা কিংবা সুপারিভরা পান খাওয়ার অভ্যাসও ডেকে আনতে পারে চরম বিপদ। ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদের তথ্য অনুযায়ী, সুপারি একটি প্রমাণিত ক্যানসার-সৃষ্টিকারী উপাদান। দীর্ঘদিন মুখের ভেতর তামাক বা সুপারি রাখা, ভেঙে যাওয়া ধারাল দাঁতের ঘষা, মানানসই না হওয়া কৃত্রিম দাঁত কিংবা মুখের ভেতরের দীর্ঘস্থায়ী ক্ষত ও প্রদাহকে অবহেলা করাও এই ক্যানসারের অন্যতম কারণ হতে পারে।
এই রোগের প্রাথমিক উপসর্গগুলি আপাতদৃষ্টিতে সাধারণ মনে হলেও অবহেলা করা বিপজ্জনক। দীর্ঘদিন না শুকানো ঘা, জিভ বা মাড়িতে সাদা-লাল দাগ, অদ্ভুত গুটি, অকারণে রক্তপাত, চিবোতে বা গিলতে কষ্ট হওয়া এবং জিভ ও চোয়াল নাড়াতে অসুবিধা হওয়ার মতো লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। প্রাথমিক অবস্থায় রোগ শনাক্ত হলে আরোগ্যের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। তাই ‘ধূমপান করি না মানেই ঝুঁকি নেই’—এমন ভুল ধারণা ভেঙে আজই নিজের এবং পরিজনের মুখের স্বাস্থ্যের প্রতি সতর্ক হওয়া প্রয়োজন।