ICICI ব্যাঙ্কের সামনে স্ত্রীকে গুলি! খুনের পর এসবিআই কর্মীর স্টেটাস—‘বউকে মেরেছি, এবার…’

লখনউয়ে এক চাঞ্চল্যকর ও মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র শোরগোল সৃষ্টি হয়েছে। অভিযুক্ত এসবিআই কর্মী মানস বাজপেয়ী প্রথমে আইসিআইসিআই ব্যাঙ্কে কর্মরত তাঁর স্ত্রী দিব্যাকে অফিসের বাইরে ডেকে এনে গুলি করে হত্যা করেন। পারিবারিক বিবাদের জেরে তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদের মামলা চলছিল এবং মানসের দাবি ছিল স্ত্রী তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। স্ত্রীকে নির্মমভাবে গুলি করার পর অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় দিব্যাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
স্ত্রীকে খুনের পর অভিযুক্ত মানস বাড়ি ফিরে নিজের ২৮ বছর বয়সী বোন শিল্পাকেও হত্যা করেন। এই রোমহর্ষক কাণ্ড ঘটানোর আগে তিনি হোয়াটসঅ্যাপ স্টেটাসে স্ত্রীকে খুনের কথা স্বীকার করে লেখেন যে, এবার তিনি নিজেকে ও তাঁর বোনকেও শেষ করতে চলেছেন। খবর পেয়ে স্থানীয় প্রতিবেশীরা দ্রুত তাঁর বাড়িতে পৌঁছালে মানস ও তাঁর বোনের মৃতদেহ দেখতে পান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বোনকে হত্যার পর অভিযুক্ত ব্যক্তি নিজেও আত্মহত্যা করেছেন। দিনদুপুরে এমন ঘটিত জোড়া খুনের পর আত্মহত্যায় স্তম্ভিত পুরো এলাকা।