ছাত্র বিক্ষোভে অতিরিক্ত বলপ্রয়োগ, নিরপেক্ষ তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের

দেশজুড়ে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চলা ছাত্র বিক্ষোভের সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীগুলির অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ এই কমিটি গঠনের নির্দেশ দেয়।
সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আর সুভাষ রেড্ডির নেতৃত্বে গঠিত এই কমিটিতে আরও রয়েছেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ও বিশিষ্ট প্রশাসনিক কর্তারা। আদালতের এই প্যানেলটি মূলত বিক্ষোভকারীদের বিরুদ্ধে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও পেলেট গান ব্যবহারের অভিযোগের পাশাপাশি নারী বিক্ষোভকারীদের ওপর হিংসা এবং সরকারি সম্পত্তিহানির ঘটনাগুলি নিরপেক্ষভাবে খতিয়ে দেখবে। তদন্তের স্বার্থে সমস্ত সিসিটিভি ফুটেজ ও বডি-ক্যামেরার রেকর্ড সংরক্ষণের নির্দেশও দেওয়া হয়েছে।