এক গ্লাস কোল্ড ড্রিংক আর ফ্রেঞ্চ ফ্রাই খেলেই নিমেষে কমবে মাইগ্রেনের ব্যথা! কতটা সত্যি এই ভাইরাল দাবি?

মাইগ্রেনের তীব্র ব্যথা শুরু হলে ঘরোয়া উপায় বা ওষুধের খোঁজে থাকেন রোগীরা। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক অদ্ভুত দাবি। এক গ্লাস কোকা-কোলা এবং নুনে ভরা ফ্রেঞ্চ ফ্রাই নাকি খুব দ্রুত মাইগ্রেনের ব্যথা কমিয়ে দিতে পারে। অনলাইন দুনিয়ায় এই ফর্মুলাকে ‘ম্যাকমাইগ্রেন হ্যাক’ নামে অভিহিত করা হচ্ছে। তবে ফাস্টফুডের এই জোড়া কি আদৌ কোনো ওষুধের বিকল্প হতে পারে? বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, এই দাবির পেছনে কিছু বৈজ্ঞানিক কারণ থাকলেও একে পুরোপুরি চিকিৎসা বলা ভুল হবে। কোকা-কোলায় থাকা ক্যাফেইন মস্তিষ্কের ক্লান্তি ও ব্যথা সৃষ্টিকারী রাসায়নিকের প্রভাব সাময়িকভাবে কমাতে সাহায্য করে। এছাড়া ফ্রেঞ্চ ফ্রাইয়ের সোডিয়াম বা নুন শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে এবং কোকের শর্করা রক্তের শর্করার মাত্রা ঠিক রাখতে ভূমিকা রাখে।
বিশেষজ্ঞরা সতর্ক করে জানাচ্ছেন যে, প্রত্যেকের শরীর একভাবে প্রতিক্রিয়া করে না। তাই সোশ্যাল মিডিয়ার এই ভাইরাল টোটকা সবার জন্য নিরাপদ বা কার্যকর নয়। অতিরিক্ত ক্যাফেইন, চিনি বা লবণ উল্টো মাইগ্রেনের সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। তাই ফাস্টফুডকে চিকিৎসাকল্পে ব্যবহার না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং সুনির্দিষ্ট জীবনধারা মেনে চলাই বুদ্ধিমানের কাজ।