১ জন ছাত্র, ১ জন শিক্ষক: বেহালার সরকারি স্কুলের বেহাল দশায় চিন্তিত এলাকাবাসী

১ জন ছাত্র, ১ জন শিক্ষক: বেহালার সরকারি স্কুলের বেহাল দশায় চিন্তিত এলাকাবাসী

কলকাতার বেহালার রায়বাহাদুর রোডে অবস্থিত ১৯৭৩ সালের ‘বেহালা আদর্শ শিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয়’। কাগজ-কলমে ক্লাসরুম, অফিসঘর, চেয়ার-টেবিল, বেঞ্চ কিংবা ব্ল্যাকবোর্ড—সবই রয়েছে। অথচ শ্রেণিকক্ষে কোনো শিক্ষার পরিবেশ নেই; ফ্যানের গায়ে জমছে ধুলোর আস্তরণ। বর্তমানে সম্পূর্ণ বিদ্যালয়টি চলছে মাত্র একজন শিক্ষক ও একজন শিক্ষার্থীকে কেন্দ্র করে। প্রতিদিন সকালে শিক্ষক স্কুলে এসে কয়েক ঘণ্টা সময় কাটিয়ে চলে যান, আর একমাত্র ছাত্রটি মূলত আসে মিড ডে মিলের জন্য।

রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে হাজার হাজার শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় বিভিন্ন সরকারি বিদ্যালয়ে শিক্ষক সংকট চরম রূপ নিয়েছে। পর্যাপ্ত শিক্ষকের অভাব ও পরিকাঠামোগত অবনতির কারণে অভিভাবকরাও সন্তানদের সরকারি স্কুলে পাঠাতে অনিচ্ছা প্রকাশ করছেন। বেহালার এই প্রাচীন স্কুলটির এমন করুণ দশা দেখে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, অবিলম্বে উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলে ও শিক্ষক নিয়োগ করে স্কুলে নিয়মিত পঠনপাঠনের পরিবেশ ফিরিয়ে আনা হোক, যাতে এলাকার ছেলে-মেয়েরা আবারো এই বিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *