অন্নপূর্ণার বকেয়া টাকার দাবিতে বিরাটিতে রেল অবরোধ, স্তব্ধ শিয়ালদহ শাখা

অন্নপূর্ণা যোজনার বকেয়া টাকা না পাওয়ার অভিযোগে বিরাটিতে তীব্র প্রতিবাদে সামিল হলেন স্থানীয় মহিলারা। শুক্রবার দুপুরে বিরাটি স্টেশনের কাছে ফ্লাইওভারের নীচে রেললাইনে নেমে অবরোধ গড়ে তোলেন তাঁরা। ব্যস্ত সময়ে প্রায় আধ ঘণ্টা ট্রেন চলাচল সম্পূর্ণ স্তব্ধ থাকায় মারাত্মক ভোগান্তির মুখে পড়েন সাধারণ যাত্রীরা।
দুপুর ১টা ৪১ মিনিট নাগাদ হাসনাবাদ থেকে শিয়ালদহগামী একটি ডাউন লোকাল ট্রেন বিরাটি স্টেশনে ঢোকার মুখে মহিলারা লাইনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। এর ফলে ট্রেনটি থমকে যায় এবং পেছনে থাকা একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে। স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ যাত্রীদের সঙ্গে অবরোধকারীদের তুমুল বচসা বেঁধে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ (GRP) ও RPF। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং আধ ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। তবে যাত্রীদের আশঙ্কা, এই সাময়িক অচলাবস্থার প্রভাব সারা দিনের ট্রেন চলাচলেই পড়তে পারে।
বিক্ষোভকারীদের দাবি, অন্নপূর্ণা যোজনার যাবতীয় নথি যাচাইয়ের পর আবেদন ‘অ্যাপ্রুভড’ দেখাসত্ত্বেও অনেকের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি। অথচ অন্য অনেকের অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা পৌঁছে গিয়েছে। তাঁদের পরিষ্কার কথা—সকল যোগ্য উপভোক্তার পাওনা বকেয়া দ্রুত মেটাতে হবে এবং সমস্যাগুলোর দ্রুত সমাধান করতে হবে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কিছু ব্যাংকিং ত্রুটি এবং আধার কার্ড সম্পর্কিত সমস্যার কারণে এই অর্থ জমায় বিলম্ব হতে পারে। তবে আবেদন মঞ্জুর হওয়ার পরেও কেন টাকা ঢুকেনি, তা নিয়ে স্পষ্ট কোনো উত্তর মেলেনি। স্থানীয় বিজেপি বিধায়ক সৌরভ শিকদার আশ্বাস দিয়ে জানান, বিষয়টি নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। একই সঙ্গে এই আন্দোলনের পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে বলে দাবি করে তিনি সাধারণ মানুষকে বিভ্রান্ত না হয়ে শান্ত থাকার অনুরোধ জানান।