পুজোর আগেই কি চটজলদি বিদায় নিচ্ছে বর্ষা? আবহাওয়া দফতরের বড় ইঙ্গিত ঘিরে বাড়ছে উদ্বেগ!
কলকাতা: আর মাত্র কদিনের অপেক্ষা, তারপরেই কি তবে পাকাপাকিভাবে বিদায় নিতে চলেছে বর্ষা? আবহাওয়া বিশেষজ্ঞদের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে তেমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। চলতি বছরে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু তার নির্ধারিত সময়ের আগেই দেশ থেকে সরে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করায় ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়ছে। আবহাওয়া মডেলগুলির সাম্প্রতিক ডেটা ইঙ্গিত দিচ্ছে, সেপ্টেম্বরের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির মেজাজ একধাক্কায় অনেকটাই ফিকে হয়ে যেতে পারে।
দীর্ঘমেয়াদি আবহাওয়ার মডেল অনুযায়ী, আগামী ৫ থেকে ১০ সেপ্টেম্বরের পর থেকেই দেশের বিস্তীর্ণ অংশে বর্ষার সক্রিয়তা কমতে শুরু করবে। এরপর আগামী ১০ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চল থেকে মৌসুমী বায়ু আনুষ্ঠানিকভাবে খেলা গুটিয়ে নিতে পারে। যদিও পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের কিছু অংশে আগামী দু’সপ্তাহ বিক্ষিপ্ত বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, তবে সামগ্রিকভাবেই সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে শুষ্ক আবহাওয়ার মুখোমুখি হতে চলেছে দেশ। আবহাওয়াবিদদের মতে, নির্ধারিত সময়ের আগেই এই বর্ষা বিদায় প্রক্রিয়া শুরু হলে তা জলবায়ু এবং কৃষিকাজের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।