যাদবপুরের পর এবার মেদিনীপুর কলেজ! SFI-এর মিছিলে ABVP-র হামলার অভিযোগ, আহত একাধিক

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর এবার ছাত্র সংঘর্ষে উত্তাল হয়ে উঠল মেদিনীপুর কলেজ। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই (SFI) এবং আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি-র (ABVP) মধ্যে হওয়া এই সংঘর্ষে দু’পক্ষের একাধিক সদস্য আহত হয়েছেন, রক্তপাতও ঘটেছে।
গত বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার অভিযোগে শুক্রবার দুপুরে মেদিনীপুর কলেজে প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল এসএফআই। অভিযোগ, মিছিল চলাকালীন এবিভিপি-র পতাকা হাতে কিছু বহিরাগত দুষ্কৃতী কলেজে ঢুকে এসএফআই কর্মীদের ওপর চড়াও হয় এবং বেধড়ক মারধর করে।
অন্যদিকে, এসএফআই-এর আনা হামলার অভিযোগ অস্বীকার করে এবিভিপি পাল্টা দাবি করেছে যে, ওই মিছিল থেকে দেশবিরোধী স্লোগান দেওয়া হচ্ছিল এবং কলেজের পঠনপাঠন ব্যাহত হচ্ছিল। তারা প্রতিবাদ জানাতে গেলে এসএফআই-ই প্রথম আক্রমণ চালায়।
এই সংঘর্ষের ঘটনায় কলেজ কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ঘটনার খবর পেয়েই দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।