“পুলিশ না হলে পেলেট মারল কে?” থানা থেকে কেন্দ্রকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

যন্তর মন্তরে পেলেট গানে আহত যুবক সাহিলকে সঙ্গে নিয়ে শুক্রবার দিল্লির পার্লামেন্ট স্ট্রটি থানায় হাজির হন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ঘটনার বিষয়ে একটি নতুন এফআইআর (FIR) দায়েরের দাবি জানান তিনি। যদিও পুলিশের পক্ষ থেকে তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ।
ঘটনার সূত্রপাত গত ২০ জুলাই। অভিযোগ, সেদিন যন্তর মন্তরে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালীন পুলিশের ছোড়া পেলেট সাহিলের শরীরে বিঁধে যায়। তাঁর চোখে তিনটি পেলেট ঢোকায় দৃষ্টিশক্তি প্রায় হারানোর মুখে, এমনকি হৃদপিণ্ডের কাছে থাকা পেলেটগুলি অস্ত্রোপচার করেও বের করা আসাম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এইমস-এর (AIIMS) রিপোর্টেও পেলেটগুলির কথা স্পষ্ট উল্লেখ রয়েছে। রাহুল গান্ধীর প্রশ্ন—দিল্লি পুলিশ যদি এই অস্ত্র ব্যবহার না-ও করে থাকে, তবে কার গুলিতে তরুণটি আহত হলো? ওপরমহলের নির্দেশের দোহাই দিয়ে পুলিশ এফআইআর এড়াচ্ছে দাবি করে তিনি সাফ জানান, বিচার না পাওয়া পর্যন্ত তাঁরা পিছু হটবেন না।
অন্যদিকে, রাহুলের এই পদক্ষেপকে ‘নৈরাজ্যের রাজনীতি’ বলে তোপ দেগেছে শাসকদল বিজেপি। দলের সাংসদ রবি শঙ্কর প্রসাদ জানান, কোনো পূর্ব অনুমতি ছাড়াই থানায় ধর্নায় বসা চরম দুর্ভাগ্যজনক। বিজেপি নেতাদের দাবি, ওই ঘটনার তদন্ত ইতিমধ্যেই চলছে এবং পূর্বেই এফআইআর নথিভুক্ত করা হয়েছে। এমনকি বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টও উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে।