‘কর্মপ্রার্থী নয়, হবেন কর্মদাতা’: বারুইপুরের ‘উদ্যামিতা সম্মেলন’-এ স্বনির্ভরতার বার্তা মন্ত্রী দিলীপের

দক্ষিণ ২৪ পরগনায় স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে ক্ষুদ্র শিল্পের প্রসার ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জোর বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়ত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। শুক্রবার বারুইপুরের রবীন্দ্রভবনে ‘স্বাবলম্বী ভারত অভিযান’ ও ‘স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’র যৌথ উদ্যোগে আয়োজিত ‘উদ্যামিতা সম্মেলন-২০২৬’-এ তিনি এই কথা জানান। অনুষ্ঠানে ফল, ফুল ও মাছ চাষি থেকে শুরু করে জেলার বহু ক্ষুদ্র উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
সম্মেলনে মন্ত্রী স্পষ্ট জানান, জেলা ছেড়ে ভিনরাজ্যে কাজ করতে যাওয়া সুন্দরবন ও প্রত্যন্ত এলাকার পরিযায়ী শ্রমিকদের জন্য স্থানীয়ভাবেই রোজগারের সুযোগ তৈরি করতে হবে। বারুইপুরের বিখ্যাত পেয়ারা, সুন্দরবনের মাছ ও অন্যান্য স্থানীয় পণ্যের সঠিক প্রক্রিয়াকরণ, প্যাকেজিং, ব্র্যান্ডিং এবং বাজারজাতকরণের ওপর তিনি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান। এর মাধ্যমে সাধারণ মানুষকে কর্মপ্রার্থী না বানিয়ে ‘কর্মদাতা’ হিসেবে গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে অখিল ভারতীয় বিচার বিভাগের প্রমুখ দীপক শর্মা, এসবিআই-এর জেনারেল ম্যানেজার সূর্যনারায়ণ জলগ্রাহী ও রাজেশ কুমার, এবং স্বাবলম্বী ভারত অভিযানের দক্ষিণবঙ্গের কো-অর্ডিনেটর বটেশ্বর ঝা ও সুদীপ ঘোষ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। আয়োজকদের আশা, স্থানীয় শিল্পকে প্রসারিত করে জেলাতেই মানুষের হাতে কাজ ও অর্থ তুলে দেওয়া সম্ভব হবে।