ত্রুটি মিললেই সোজা সিল! শিলিগুড়ির হোটেল ও শপিংমলের জন্য বড় হুঁশিয়ারি!

রাজ্যের বিভিন্ন প্রান্তে অগ্নিকাণ্ডের ঘটনার পরই নড়েচড়ে বসল প্রশাসন। শিলিগুড়িতে সুরক্ষায় সামান্য ত্রুটি মিললেই সোজা সিল করে দেওয়া হবে হোটেল, রেস্তরাঁ এবং শপিংমলগুলি। রামপুরহাট ও কলকাতার মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনার পর বৃহস্পতিবার শিলিগুড়িতে এসে এই কড়া বার্তা দেন পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। আগামী এক মাস শহরজুড়ে এই বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতে লাগাতার ‘সারপ্রাইজ ভিজিট’ বা আচমকা পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য পুলিশ, পুরসভা, দমকল ও বিদ্যুৎ বণ্টন কো ম্পা নির প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ পরিদর্শক দল গঠন করা হচ্ছে। ভবনের স্থায়িত্ব, অগ্নিনির্বাপণ এবং বিদ্যুৎ ব্যবস্থা খতিয়ে দেখাই এই অভিযানের মূল লক্ষ্য।
অন্যদিকে, পাহাড়ি এলাকাতেও সুরক্ষা নিয়ে কঠোর অবস্থান নিয়েছে দমকল বিভাগ। গত ছয় মাসে দার্জিলিং ও কালিম্পং জেলার ১০৫টি সংস্থাকে ইতিমধ্যে নোটিশ পাঠানো হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না মিললে অভিযুক্তদের বিরুদ্ধে সরাসরি এফআইআর দায়ের করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে প্রশাসনের এই কঠোর পদক্ষেপের পর শিলিগুড়ির প্রায় ২৮০টি লজিং হোটেলের মালিকপক্ষও নড়েচড়ে বসেছে। নিয়ম মেনে প্রবেশ ও বাহির পথ ঠিক রাখার পাশাপাশি অভ্যন্তরীণ সুরক্ষা ব্যবস্থা জোরদার করার কাজ শুরু হয়েছে।