পুজোর কাউন্টডাউন শুরু, জিমে বাড়ছে ভিড়! তরুণদের লক্ষ্য কি ‘ফেস্টিভ লুক’?

শারদীয় উৎসবের কাউন্টডাউন শুরু হতেই মেদিনীপুর শহরের জিমগুলিতে তরুণ প্রজন্মের ভিড় উপচে পড়ছে। উৎসবের দিনগুলিতে নতুন পোশাকের পাশাপাশি নিজেকে আরও ফিট ও আকর্ষণীয় করে তুলতে জেন-জিদের মধ্যে শরীরচর্চার জোয়ার এসেছে। কেউ সিক্স প্যাক অর্জনের লক্ষ্যে, আবার কেউ কেবল ফিট থাকার তাগিদে সকাল থেকে রাত পর্যন্ত ঘাম ঝরাচ্ছেন। ওয়েট লিফটিং, ট্রেডমিল, কার্ডিও ও জুম্বার পাশাপাশি তাঁদের খাদ্যতালিকাতেও এসেছে ব্যাপক পরিবর্তন। প্রোটিন সমৃদ্ধ খাবার ও ডায়েট মেনে শরীরচর্চা চালিয়ে যাচ্ছেন যুবসমাজ, যা শহরের জিমগুলির ব্যস্ততা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
দ্রুত ফলাফল পাওয়ার আগ্রহ থাকলেও প্রশিক্ষকেরা নিয়মিত অভ্যাস ও সঠিক নিয়ম মেনে চলার ওপর জোর দিচ্ছেন। চিকিৎসকদের মতে, কেবল শারীরিক গঠন বদল নয়, মানসিক চাপ কমানো এবং কর্মক্ষমতা বৃদ্ধির জন্যও নিয়মিত ব্যায়াম অত্যন্ত জরুরি। জিমে আসা যুবক-যুবতীরা জানান, শরীর সতেজ থাকলে সব পোশাকেই আত্মবিশ্বাস বাড়ে। উৎসবের ঢাকে কাঠি পড়ার আগেই মেদিনীপুরের তরুণ সমাজ ডাম্বেল ও ট্রেডমিলের সাহায্যে নিজেদের সেরা লুকে মেলে ধরার চূড়ান্ত প্রস্তুতিতে মেতে উঠেছে।