পুজোর আগেই বড় সুখবর! ১ অক্টোবর থেকে বাড়ছে পঞ্চায়েত কর্মী ও পেনশনভোগীদের DA-DR

রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার কর্মী এবং পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা করল নবান্ন। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের নির্দেশিকা অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে সমস্ত পূর্ণসময়ের পঞ্চায়েত কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বা ডিএ এবং মহার্ঘ ত্রাণ বা ডিআর বৃদ্ধি করা হচ্ছে। ষষ্ঠ বেতন কমিশনের সংশোধিত কাঠামোর আওতায় থাকা কর্মীরা মূল বেতনের ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন। পাশাপাশি, পঞ্চম বেতন কমিশনের প্রাক-সংশোধিত কাঠামো এবং রোপা ২০০৯ অনুযায়ী পেনশনভোগীদের ডিআর হার ১৭১ শতাংশ থেকে বাড়িয়ে ২২৩ শতাংশ করা হয়েছে।
পাশাপাশি, দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের মজুরি এক ধাক্কায় দৈনিক ১১০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এই নির্দেশিকা অনুযায়ী চূড়ান্ত ডিএ বা ডিআর-এর অঙ্ক নিকটবর্তী পূর্ণ টাকায় রূপান্তর করা হবে এবং ১ অক্টোবর থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট কর্মীরা বাড়তি অর্থ হাতে পাবেন। পুজোর ঠিক আগে রাজ্য সরকারের এই পদক্ষেপে গ্রামীণ স্তরের কর্মী ও পেনশনভোগীদের আর্থিক স্বস্তি মিলবে বলে মনে করা হচ্ছে।