স্কুলেই ক্লাস নাকি জনগণনার ডিউটি! শিক্ষকদের জন্য বড় নির্দেশ হাইকোর্টের

রাজ্যজুড়ে শিক্ষকদের জনগণনার কাজে নিয়োগ নিয়ে চলা জল্পনার অবসান ঘটিয়ে স্পষ্ট রায় দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছেন, জনগণনার কাজ চলাকালীন শিক্ষকদের সম্পূর্ণভাবে সেই প্রশাসনিক দায়িত্বই পালন করতে হবে, ওই নির্দিষ্ট সময়ে তাঁদের শিক্ষকতার কোনো দায় থাকবে না। স্কুল শিক্ষা দফতরের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সেন্সাস ডিউটি শিক্ষকদের জন্য ‘অন ডিউটি’ বা সরকারি কর্তব্য হিসেবে গণ্য করা হবে এবং নির্ধারিত এই দায়িত্ব তাঁরা কোনোভাবেই এড়িয়ে যেতে পারবেন না।
আদালতের নির্দেশ অনুযায়ী, ডিরেক্টর অফ সেনসাসকে শিক্ষকদের এই কাজের জন্য নির্দিষ্ট সময়, দিন ও স্থান আগে থেকেই স্কুল কর্তৃপক্ষকে জানাতে হবে। একই সঙ্গে স্কুল কর্তৃপক্ষকে সুনিশ্চিত করতে হবে যাতে এই কাজের জেরে সাধারণ শিক্ষার্থীদের পঠনপাঠন বা স্কুলের স্বাভাবিক শিক্ষা ব্যবস্থা কোনোভাবেই ব্যাহত না হয়। উল্লেখ্য, এর আগে প্রথম নির্দেশিকায় ছুটির দিনে সেন্সাসের কাজ করার কথা বলা হলেও, আদালতের এই স্পষ্ট নির্দেশিকা শিক্ষক মহলে বিভ্রান্তি দূর করতে সাহায্য করবে।