অন্নপূর্ণার টাকা না পেয়ে চরম ক্ষোভ, বিরাটিতে রেল অবরোধের পাশাপাশি একাধিক জেলায় বিডিও অফিস ঘেরাও

অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে রাজ্যজুড়ে তীব্র ক্ষোভ ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বকেয়া অর্থ অ্যাকাউন্টে না আসায় শুক্রবার বিরাটিতে ট্রেন অবরোধ করার পাশাপাশি ডায়মন্ড হারবার রোডেও পথঅবরোধে নামেন বঞ্চিত মহিলারা। একই ধরনের অশান্তির চিত্র ধরা পড়েছে মুর্শিদাবাদের সাগরদিঘিতেও, যেখানে বিডিও অফিস ঘেরাও করে দ্রুত টাকা মেটানোর দাবি জানানো হয়। বারবার নথিপত্র জমা দিয়েও সুরাহা না মেলায় সাধারণ মানুষের ক্ষোভ চরমে পৌঁছেছে।
অন্যদিতে জঙ্গিপুর পুরসভায় বিক্ষোভকারী মহিলাদের সামাল দিতে ব্যর্থ হয়ে চরম বিপাকে পড়েন পুরকর্মীরা। তীব্র চাপের মুখে তারা পুরসভা ছেড়ে মহকুমা শাসকের দফতরে আশ্রয় নিতে বাধ্য হন। ইতিপূর্বে পুরকর্মীদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনাও ঘটেছিল, যা নিয়ে সরকারি কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। ঘটনা নিয়ন্ত্রণে রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছালেও পরিস্থিতি ছিল বেশ উত্তপ্ত। ভুক্তভোগীদের স্পষ্ট দাবি, যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে দ্রুত টাকা না পাঠানো পর্যন্ত এই প্রতিবাদ অব্যাহত থাকবে।