আইফোনের EMI নিয়ে অশান্তি, মুহূর্তেই সব শেষ! পাহাড়ের খাদে বাবা-ছেলে, মায়ের ঝাঁপে শোকের ছায়া

আইফোনের মাসিক কিস্তি (EMI) শোধ করতে না পারার জেরে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর এলাকায় ঘটে গেল এক হৃদয়বিদারক ট্র্যাজেডি। তিঁসগাঁও এলাকার একটি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দামি ফোনের কিস্তি নিয়ে পরিবারের সঙ্গে তীব্র বচসায় জড়ায় ১৮ বছরের এক কিশোর। দীর্ঘ তিন ঘণ্টারও বেশি সময় ধরে স্থানীয় বাসিন্দারা ও তার বাবা-মা তাকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন, এমনকি তাকে নতুন আইফোন কিনে দেওয়ার প্রলোভনও দেখানো হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সে পাহাড়ি খাদে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে।
ছেলেকে পেছন থেকে টেনে বাঁচাতে গিয়ে ভারসাম্য হারিয়ে গভীর খাদে পড়ে যান তার বাবা। চোখের সামনে স্বামী ও সন্তানের এমন পতন সহ্য করতে না পেরে মুহূর্তের মধ্যে পাহাড় থেকেই নিচে ঝাঁপ দেন মা-ও। ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় তিনজনেরই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। একটি মাত্র গ্যাজেটের কিস্তিকে কেন্দ্র করে গোটা পরিবারের এমন করুণ পরিণতিতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।