সময়ের আগেই কি বিদায় নিচ্ছে বর্ষা! বড় ইঙ্গিত আবহাওয়া মডেলের

দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই বৃষ্টির পরিমাণ কমে যাওয়ায় ভ্যাপসা ও অস্বস্তিকর আবহাওয়া গ্রাস করেছে। দীর্ঘমেয়াদি আবহাওয়া মডেলের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর স্বাভাবিক সময়ের আগেই দেশ থেকে পাকাপাকিভাবে বিদায় নিতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আগামী সেপ্টেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের পর দেশের বিস্তীর্ণ অংশে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যা বর্ষা বিদায়ের প্রক্রিয়ার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।
আবহাওয়া বিশেষজ্ঞদের একাংশের মতে, আগামী দু’সপ্তাহ পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের কিছু অংশে বৃষ্টির অনুকূল পরিবেশ বজায় থাকলেও, সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে উত্তর-পশ্চিমাঞ্চল সহ দেশের বড় অংশে মৌসুমী বায়ু খেলা গুটিয়ে নিতে পারে। ফলে নির্ধারিত সময়ের আগেই শুষ্ক ও পরিবর্তনশীল ওয়েদার শুরু হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়ার এই দীর্ঘমেয়াদি মডেলের হিসাব সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে, বিশেষ করে নতুন কোনো শক্তিশালী নিম্নচাপ তৈরি হলে চিত্র বদলেও যেতে পারে।