পুজোর আগেই সুখবর: রাস্তায় নামছে ৬০০ নতুন বাস, নিষিদ্ধ হচ্ছে বেআইনি ইঞ্জিন ভ্যান!

আসন্ন দুর্গাপূজায় সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ করতে বড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। শুক্রবার উত্তরপাড়ায় টিটাগড় ওয়াগানস লিমিটেডের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে পরিবহণ মন্ত্রী অর্জুন সিং জানান, পুজোর আগেই রাস্তায় নামছে প্রায় ৬০০টি নতুন বাস। অনুষ্ঠানে উপস্থিত শিল্পমন্ত্রী তাপস রায়ও রাজ্যে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
একই সঙ্গে অবৈধ ইঞ্জিন ভ্যান বন্ধে কঠোর বার্তার কথা জানান পরিবহণ মন্ত্রী। তিনি স্পষ্ট করেন, এসব ভ্যানের আইনি বৈধতা নেই, এগুলো চরম দূষণ ঘটায় এবং দুর্ঘটনার ক্ষেত্রে যাত্রীরা বিমা বা ক্ষতিপূরণ পান না। তাই আগামী এক থেকে দেড় মাসের মধ্যে এসব ইঞ্জিন ভ্যান পুরোপুরি নিষিদ্ধ করা হবে। চালকদের বিকল্প হিসেবে সরকারি নিয়মে ফাইন্যান্সের মাধ্যমে বৈধ পিক-আপ ভ্যান কেনার পরামর্শও দেন তিনি। এছাড়া অন্নপূর্ণা যোজনা নিয়ে ওঠা ক্ষোভকে বিরোধীদের চক্রান্ত উল্লেখ করে মন্ত্রী জানান, দেড় কোটিরও বেশি মহিলা নিরবচ্ছিন্নভাবে এই সুবিধা পাচ্ছেন।