রোমে হোটেলের নোংরা ঘর ও প্রতারণার অভিযোগ! আইনি জটিলতায় কি পড়ছেন জেমস?

গত ১৬ আগস্ট রোমের একটি কনসার্টে অংশ নিতে গিয়ে হোটেল কক্ষ নোংরা রাখা ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে বিতর্কে পড়েছেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক জেমস ও তাঁর ব্যান্ড ‘নগর বাউল’। সম্প্রতি রোমের একটি হোটেলের অপরিষ্কার ঘরের ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। হোটেল কর্তৃপক্ষের দাবি, ঘর পরিষ্কার করতে অতিরিক্ত খরচ হয়েছে এবং এ বিষয়ে ইটালির একটি থানায় কনসার্ট আয়োজক আবুল মোয়াজ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছেন। এছাড়া ৪৬ লক্ষ টাকার চুক্তি সত্ত্বেও ভেনিসের কনসার্টে অংশ না নেওয়ার মতো আর্থিক অনিয়মের অভিযোগও উঠেছে।
এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে জেমসের আপ্তসহায়ক দাবি করেছেন, ভাইরাল হওয়া নোংরা ঘরটিতে জেমস ছিলেন না, সেখানে দলের অন্য এক সদস্য ছিলেন। জেমসের রুম নম্বর ছিল আলাদা এবং তারা কোনো গোপনীয়তা ছাড়াই হোটেল ছেড়েছেন। পুরো বিষয়টি নিয়ে আইনি জটিলতার শঙ্কা তৈরি হলেও, এই সমালোচনাকে পাত্তা দিতে নারাজ খোদ গায়ক। তাঁর মতে, এ বিষয়ে অহেতুক জলঘোলা করার কোনো প্রয়োজন নেই।