‘জিত আমার বড় দাদা, নেগেটিভিটি বন্ধ করো!’ ভক্তদের ওপর ক্ষুব্ধ দেব

টলিউডের জনপ্রিয় দুই মেগাস্টার দেব ও জিতের ভক্তদের মধ্যকার ভার্চুয়াল দ্বন্দ্ব নতুন কিছু নয়। তবে সম্প্রতি জিতের নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ নিয়ে দেবের এক ফ্যান পেজের কড়া কটাক্ষ ও ট্রোলিংয়ের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসতেই নীরব না থেকে কড়া পদক্ষেপ নেন দেব নিজেই। ওই ফ্যান পেজের কমেন্ট বক্সে গিয়ে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকেও ইতিবাচক বার্তা প্রকাশ করে ট্রোলিং বন্ধ করার কঠোর নির্দেশ দেন এই তারকা।
দেবের বার্তা পাওয়ার পরেই দ্রুত সেই ফ্যান পেজটি জিতের বিরুদ্ধে থাকা সমস্ত বিতর্কিত পোস্ট মুছে ফেলে এবং প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করে। দেব স্পষ্টভাবে জানিয়ে দেন যে, ইন্ডাস্ট্রিকে সুস্থ রাখতে পরস্পরের প্রতি সম্মান বজায় রাখা অত্যন্ত জরুরি। বিতর্ক তৈরি না করে বরং সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার আহ্বানও জানান তিনি। দুই তারকার এই পারস্পরিক শ্রদ্ধা ও সৌজন্যমূলক আচরণ টলিউডে সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে শুভ বার্তা বহন করে বলে মনে করছেন বিনোদনপ্রেমীরা।