নাইক ছাড়ছেন এমবাপে? ফুটবল বুটের বাজারে বড় পরিবর্তনের ইঙ্গিত

দীর্ঘ দুই দশকের সম্পর্কের ইতি টেনে নাইকের সঙ্গে বিচ্ছেদের পথে কিলিয়ান এমবাপে। আট বছর বয়স থেকে মার্কিন এই ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন ফরাসি তারকা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর নাইকের প্রধান মুখ হিসেবে এমবাপের গুরুত্ব ছিল অপরিসীম। তবে সাম্প্রতিক জল্পনা অনুযায়ী, নাইকের সঙ্গে চুক্তির মেয়াদ ৩১ জুলাই শেষ হওয়ার পর তা আর নবায়ন হয়নি। রিয়াল মাদ্রিদের এই তারকাকে ঘিরে বিশ্ব ফুটবলে এখন জোর গুঞ্জন, তিনি কোনো প্রতিষ্ঠিত ব্র্যান্ডের বদলে বরং নতুন কোনো সংস্থার সঙ্গে হাত মেলাতে চলেছেন।
সূত্র মতে, এমবাপে এবার সুইস স্পোর্টসওয়্যার সংস্থা ‘অন’ (On)-এর সঙ্গে যুক্ত হতে পারেন। শুধু ব্র্যান্ড অ্যাম্বাসেডর নয়, বরং এই সংস্থায় শেয়ারহোল্ডার এবং নিজের নামে আলাদা সিগনেচার সাব-ব্র্যান্ড তৈরির সম্ভাবনাও রয়েছে। রজার ফেডেরারের মতোই ব্যবসায়িক অংশীদারিত্বের এই নতুন মডেল ফুটবল বিশ্বে বড় পরিবর্তনের বার্তা দিতে পারে। নাইকের মতো জায়ান্ট ছেড়ে এমবাপের এই সম্ভাব্য পদক্ষেপ বিশ্ব ফুটবল বাজারে বড়সড় ধাক্কা ও নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।