টুলুকাণ্ডে নতুন মোড়, সায়গলকে নিয়ে ডোমকলে পুলিশের মধ্যরাতের অভিযান
August 23, 202611:33 am

বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের জালিয়াতি মামলায় তদন্তের গতি বাড়াল বীরভূম জেলা পুলিশ। অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে সঙ্গে নিয়ে শনিবার রাতে মুর্শিদাবাদের ডোমকলে তাঁর নিজ বাসভবনে তল্লাশি চালায় তদন্তকারী দল। পূর্বে বোলপুরের ফ্ল্যাট থেকে নগদ ১৩ লক্ষ টাকা ও ৮০০ গ্রাম সোনা উদ্ধারের পরই গ্রেফতার করা হয় সায়গলকে।
বহরমপুরে টুলু-ঘনিষ্ঠ ভূমি দফতরের করণিক প্রবীর দাসের শ্বশুরবাড়িতে তিন ঘণ্টার দীর্ঘ তল্লাশির পর পুলিশের হাতে আসে একটি কালো ব্যাগ। সেখানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই সায়গল ও প্রবীর—উভয়কে সঙ্গে নিয়ে পুলিশ ডোমকলে অভিযান চালায়। এর আগে টুলুর আত্মীয় মিনার মণ্ডলের কাছ থেকে নগদ সাড়ে ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা উদ্ধার করেছিল পুলিশ। পলাতক টুলু মণ্ডলের সন্ধান পেতে তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের গ্রেফতার করে জাল গুটিয়ে আনছেন তদন্তকারীরা।