২৬ হাজার চাকরি বাতিল মামলা: যোগ্যদের মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ SSC ও মধ্যশিক্ষা পর্ষদ

২৬ হাজার চাকরি বাতিল মামলা: যোগ্যদের মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ SSC ও মধ্যশিক্ষা পর্ষদ

বিগত তৃণমূল সরকারের আমলে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চাকরি হারানো প্রায় ২৬ হাজার শিক্ষকের ভবিষ্যৎ নিয়ে আবারও আইনি তৎপরতা শুরু হলো। শীর্ষ আদালতের নির্দেশে যে সকল ‘যোগ্য’ প্রার্থীদের শিক্ষকতা চালিয়ে যাওয়ার মেয়াদ নির্ধারণ করা হয়েছিল, তার মেয়াদ আগামী ৩১ আগস্ট শেষ হতে চলেছে। এই পরিস্থিতিতে স্কুলে শিক্ষা ব্যবস্থার ওপর যাতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সেই লক্ষ্যে সুপ্রিম কোর্টের কাছে যোগ্য শিক্ষকদের মেয়াদের সীমা আরও বাড়ানোর আবেদন জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন (SSC) এবং মধ্যশিক্ষা পর্ষদ।

শনিবার উত্তর দিনাজপুরের হেমতাবাদে সারদা বিদ্যামন্দির ক্যাম্পাসে আয়োজিত ‘জেলা বিজ্ঞান মেলা’য় উপস্থিত হয়ে এই তথ্য নিশ্চিত করেন রাজ্য স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। তিনি জানান, পুরো নিয়োগ প্রক্রিয়াকে ১০০% স্বচ্ছ ও ত্রুটিমুক্ত করতেই একজন সরকারি আমলাকে চেয়ারম্যান করে কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিই পুরো প্রক্রিয়ার তদারকি করছে। মন্ত্রী আরও বলেন, “যোগ্য শিক্ষকদের মেয়াদ যাতে আরও বাড়ানো হয়, সেই আর্জি জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে।”

উল্লেখ্য, এর আগে সুপ্রিম কোর্ট যোগ্য ও অযোগ্যদের পার্থক্য সুনির্দিষ্ট করা না যাওয়ায় পুরো প্যানেলটিই বাতিল করেছিল। তবে যোগ্য শিক্ষকদের জন্য বিশেষ বিবেচনা করে প্রথমে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর এবং পরবর্তীতে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পূর্ণ না হওয়ায় ফের মেয়াদ বৃদ্ধির আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো পর্ষদ ও এসএসসি।

স্কুলে আসতে চলেছে ‘অটল টিঙ্কারিং ল্যাব’: শিক্ষকদের মেয়াদের পাশাপাশি রাজ্য শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণে এক বড় ঘোষণার কথা জানান শিক্ষামন্ত্রী। তিনি জানান, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা ও সৃজনশীলতা বাড়াতে রাজ্যের প্রায় ২ হাজার হাই স্কুলে খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে ‘অটল টিঙ্কারিং ল্যাব’ (ATL)। এই ল্যাবগুলিতে থাকবে ৩ডি প্রিন্টার, সেন্সর, ওপেন-সোর্স মাইক্রোকন্ট্রোলার বোর্ড এবং রোবোটিক্স সায়েন্সের বিভিন্ন অত্যাধুনিক সরঞ্জাম, যা ছাত্রছাত্রীদের ভবিষ্যতে প্রযুক্তিগত অনুসন্ধিৎসা ও দক্ষতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *