‘এ রাজ্যে সবেতেই আত্মহত্যা!’ গাজলে অন্নপূর্ণার টাকা না পেয়ে মৃত্যুর অভিযোগে তোপ দিলীপের

পশ্চিমবঙ্গে যে কোনো ঘটনাতেই আত্মহত্যার প্রবণতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। ভোটার তালিকা কিংবা এসআইআর-এ নাম না থাকার অজুহাতেও মানুষ আত্মঘাতী হচ্ছেন বলে দাবি করেন তিনি। তাই প্রকৃত কারণ খতিয়ে দেখার ওপর জোর দিয়েছেন তিনি। রবিবার সকালে খড়্গপুরের বোগদায় প্রাতর্ভ্রমণ শেষে চা চক্রে যোগ দিয়ে মালদার ঘটনা প্রসঙ্গে এই প্রতিক্রিয়া দেন দিলীপ।
সম্প্রতি মালদার গাজলের বাচাহার গ্রামে ৩০ বছর বয়সী অনীতা খাতুন নামে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেলেও অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন ও অফলাইনে আবেদন জানিয়েও টাকা পাননি অনীতা। সেই অবসাদ থেকেই তিনি আত্মঘাতী হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
অন্যদিকের এক মত-বিনিময় সভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, চলতি মাসে প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হয়েছে। প্রকৃত প্রাপকদের সুবিধা দিতে আরও ২০ থেকে ৩০ লক্ষ আবেদনকারীকে যুক্ত করার আশ্বাস দেন তিনি। ৩১ জুলাইয়ের মধ্যে আবেদনকারীদের পোর্টালে যুক্ত হতে সাহায্য করার জন্য বিজেপি কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে এই ভাতার টাকা পৌঁছে যাবে এবং কলকাতায় ১ লক্ষ উপভোক্তাকে নিয়ে সভা করার পরিকল্পনার কথা জানান তিনি।