২৫ কোটিতে জইশের ‘কারখানা’ পুনর্নির্মাণের চেষ্টা! পাকিস্তানের পরিকল্পনায় জল ঢালল ভারত

সীমান্ত পেরিয়ে ভারতের নির্ভুল হামলায় ধূলিসাৎ হয়ে গিয়েছিল পাকিস্তানের ভাওয়ালপুরের মারকাজ সুবহান আল্লাহ। ১৫ মাসের ব্যবধানে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সেই মূল সদর দফতরটি পুনর্নির্মাণ করা হয়েছে। ভারতীয় গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই গোপন জঙ্গি কারখানাটির পুনর্নির্মাণের জন্য ইসলামাবাদ থেকে মোট ২৫ কোটি পাকিস্তানি রুপি অনুদান দেওয়া হয়েছে। যার মধ্যে শুধুমাত্র কেন্দ্রীয় হলটি নতুন করে তৈরির পেছনেই খরচ করা হয়েছে প্রায় ১১ কোটি রুপি।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত এই ১৮ একর চত্বরটি দীর্ঘদিন ধরেই ভারত-বিরোধী নানা বিধ্বংসী ষড়যন্ত্রের আঁতুড়ঘর হিসেবে পরিচিত ছিল। অতীতে ভারতীয় সংসদ ভবন হামলা থেকে শুরু করে পুলওয়ামা কাণ্ডের মতো একাধিক ভয়াবহ সন্ত্রাসের পরিকল্পনা এই কেন্দ্র থেকেই করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। বর্তমানে নতুন মার্বেল পাথর বসিয়ে, দেওয়াল রাঙিয়ে এবং ধ্বংস হওয়া গম্বুজগুলির পুনর্নির্মাণ করে সেটিকে ফের সক্রিয় করে তোলার চেষ্টা চালাচ্ছে জঙ্গি সংগঠনটি।