বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের খাঁড়া: মঙ্গলবার থেকেই ঝেঁপে বৃষ্টি একাধিক জেলায়, আবহাওয়ার বড় আপডেট!

আগস্টের শেষ সপ্তাহেও পিছু হটছে না বর্ষা। বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে ভাদ্রের শুরুতেই রাজ্যজুড়ে বৃষ্টির তোড়জোড় শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের দিকে অবস্থান করছে এবং ক্রমশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে। এর পাশাপাশি সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখাও। এই দুইয়ের জোড়া প্রভাবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি: মঙ্গলবার কলকাতা, হাওড়া এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পুরুলিয়াতেও। তবে ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। বৃষ্টির সময়ে ঘণ্টায় ২০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।
মঙ্গলবারের পর বড় কোনো দুর্যোগ না থাকলেও বুধবারের জন্য সাতটি জেলায় (পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া) হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করা হয়েছে। সমুদ্র আপাতত তুলনামূলক শান্ত থাকায় মৎস্যজীবীদের জন্য নতুন করে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস: উত্তরবঙ্গেও মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে চলতি সপ্তাহের শেষের দিকে ভারী বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে আপাতত ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজায় থাকবে।
কলকাতার আবহাওয়া: আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বিভিন্ন সময়ে আবহাওয়ার দ্রুত পরিবর্তন হতে পারে। মঙ্গলবারের জন্য তিলোত্তমায় ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা থাকলেও, বুধ ও বৃহস্পতিবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকবে। আবার শুক্রবার থেকে কলকাতায় বৃষ্টির তীব্রতা কিছুটা বাড়তে পারে।