ঝড়ের গতিতে টাইপ নয়, ব্রেন সচল রাখতে খাতা-পেনই সেরা অস্ত্র!

বর্তমানের ডিজিটাল ও প্রযুক্তির যুগে খাতা-পেনের চিরচেনা জায়গা দ্রুত দখল করে নিয়েছে মোবাইল ও ল্যাপটপের কিবোর্ড। তবে স্নায়ুবিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণা এক চমকপ্রদ তথ্য সামনে এনেছে। বিজ্ঞানীদের দাবি, ঝড়ের গতিতে টাইপ করার চেয়ে খাতা-পেন দিয়ে হাতে লিখলে মস্তিষ্ক অনেক বেশি সচল থাকে এবং তথ্য মনে রাখার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। যখন কেউ পেন দিয়ে কাগজে কিছু লেখে, তখন চোখ, হাত ও স্নায়ু একসঙ্গে সক্রিয় হয়ে ওঠে, যা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে।
অন্যদিকে, কিবোর্ডে টাইপ করার সময় আঙুল একই ধরনের বোতামে সীমাবদ্ধ থাকায় মস্তিষ্কের কার্যক্ষমতা তুলনামূলক কম ব্যবহৃত হয়। গবেষকদের মতে, নিজে হাতে নোট লিখলে বিষয়বস্তু দ্রুত অনুধাবন করা যায়, যা অন্ধভাবে টাইপ করার সময় সম্ভব হয় না। ছোটদের অক্ষর জ্ঞান ও মানসিক বিকাশের জন্যও এই অভ্যাস অত্যন্ত জরুরি। কাজের ক্ষেত্রে টাইপিংয়ের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না, তবে ব্রেন পাওয়ার বাড়াতে আজও খাতা-পেনের জুড়ি মেলা ভার।