স্কুলের চেয়ারে বসিয়ে প্রধান শিক্ষককে ডিম ও কাদা নিক্ষেপ! বাঁকুড়ার চাঞ্চল্যকর ঘটনায় কাঠগড়ায় দুর্নীতি

স্কুলের চেয়ারে বসিয়ে প্রধান শিক্ষককে ডিম ও কাদা নিক্ষেপ! বাঁকুড়ার চাঞ্চল্যকর ঘটনায় কাঠগড়ায় দুর্নীতি

বাঁকুড়ার বাঁকি সেন্দড়া হাইস্কুলের প্রধান শিক্ষক সাধন চন্দ্র পালের বিরুদ্ধে মিড ডে মিল ও স্কুল উন্নয়ন তহবিলের টাকা তছরুপের গুরুতর অভিযোগ তুলে তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছিল। আজ তিনি স্কুলে পৌঁছতেই পরিস্থিতি চরমে পৌঁছায়। উত্তেজিত জনতা তাঁকে স্কুল চত্বর থেকে টেনেহিঁচড়ে বাইরে বের করে আনে। বৃষ্টির মধ্যেই তাঁকে গেটের সামনে চেয়ারে বসিয়ে স্লোগান দেওয়া হয় এবং প্রধান শিক্ষককে লক্ষ্য করে একাধিক ডিম ছোড়া হয়। শুধু তাই নয়, তাঁর মাথায় কাদা ও গোবর লেপে দেওয়ার মতো ঘটনাও ঘটে, যা নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বাঁকুড়া সদর থানার পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষুব্ধ এলাকাবাসীর দাবি, অবিলম্বে প্রধান শিক্ষককে আত্মসাৎ করা সমস্ত টাকা স্কুল তহবিলে ফিরিয়ে দিতে হবে। অন্যদিকে, অভিযুক্ত প্রধান শিক্ষক সাধন চন্দ্র পাল তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত আর্থিক দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, তদন্তে সমস্ত অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়া সত্ত্বেও ব্যক্তিগত আক্রোশ ও টাকা আদায়ের উদ্দেশ্যে তাঁর ওপর এই অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। ঘটনার জেরে দেড়শো বছরের পুরোনো ঐতিহ্যবাহী এই স্কুল চত্বরে চরম চাঞ্চল্য ও থমথমে পরিবেশ বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *