‘প্রতিদিনই এফআইআর হচ্ছে’, অভিযোগ সুমিতের আইনজীবীর; সুপ্রিম শুনানির অপেক্ষায় হাইকোর্ট

কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক (PA) সুমিত রায়ের বিরুদ্ধে রাজ্যজুড়ে ঠিক কতগুলি এফআইআর (FIR) দায়ের হয়েছে, তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট। রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তকে আগামী শুনানির আগে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। একইসঙ্গে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত এই মামলার শুনানি মুলতুবি রাখার পাশাপাশি সুমিতের বিরুদ্ধে পুলিশ যাতে কোনও কড়া পদক্ষেপ না করতে পারে, সেই অন্তর্বর্তী সুরক্ষাকবচও দিয়েছে আদালত।
চাকরি ও শালবনীতে জমি দুর্নীতি সংক্রান্ত মামলায় একাধিক এফআইআর-এর মুখোমুখি হয়েছেন সুমিত রায়। হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট থেকে পূর্ববর্তী মামলাগুলিতে শর্তসাপেক্ষ রক্ষাকবচ পেলেও, সম্প্রতি তাঁর আইনজীবী আদালতে জানান যে তাঁর মক্কেলের বিরুদ্ধে একের পর এক নতুন এফআইআর দায়ের করে চলেছে রাজ্য। তদন্তে আটবার হাজিরা দেওয়া সত্ত্বেও এই ধারাবাহিক এফআইআর-এর প্রক্রিয়া বন্ধের আবেদন জানান তিনি।
অন্যদিকে, রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আদালতে দাবি করেন, সুমিতের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০ কোটি টাকা জমা পড়েছে এবং তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। সুপ্রিম কোর্টে আগামী ৩১ আগস্ট এই সংক্রান্ত অপর একটি মামলার শুনানি থাকায় হাইকোর্টে আপাতত মামলা মুলতুবির আবেদন জানান রাজ্যের আইনজীবী। সমস্ত যুক্তি শুনে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, সুপ্রিম কোর্টের নির্দেশের পরই হাইকোর্ট চূড়ান্ত পদক্ষেপ নেবে। তত দিন পর্যন্ত পুলিশ সুমিত রায়ের বিরুদ্ধে কোনও কড়া আইনি পদক্ষেপ নিতে পারবে না এবং পুলিশের পক্ষ থেকে কোনও কড়া ব্যবস্থা নেওয়া হলে সুমিত আদালতকে সরাসরি জানাতে পারবেন।