‘রাস্তায় বেরোতে না পারার ব্যবস্থা করব!’ শুভেন্দুর হুঙ্কার, পাল্টা সংবিধান স্মরণ করিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ মমতা

‘রাস্তায় বেরোতে না পারার ব্যবস্থা করব!’ শুভেন্দুর হুঙ্কার, পাল্টা সংবিধান স্মরণ করিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ মমতা

রাজ্যে ‘অন্নপূর্ণা যোজনা’ (পূর্বতন লক্ষ্মীর ভান্ডার)-র অর্থ বণ্টন ও যোগ্যতা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মধ্যে তরজা চরম আকার ধারণ করেছে। জেলা জুড়ে প্রকল্পের বঞ্চিত মহিলাদের ক্ষোভ-বিক্ষোভের মধ্যে ফেসবুক লাইভে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, সরকার ধর্ম ও বর্ণ দেখে দেখে এই প্রকল্পের সুবিধা বিতরণ করছে এবং বহু যোগ্য মহিলাকে বঞ্চিত করা হয়েছে।

এর জবাবে নবান্নে আয়োজিত সাংবাদিক বৈঠকে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তোষণের রাজনীতির পাল্টা অভিযোগ তুলে তিনি দাবি করেন, অন্নপূর্ণা যোজনায় ১ কোটি ৪৫ লক্ষেরও বেশি যোগ্য মহিলা ইতিমধ্যেই ভাতা পাচ্ছেন, যার মধ্যে ১৯ লক্ষের বেশি মুসলিম সুবিধাভোগীও রয়েছেন। তিনি সাফ জানান, দলমত ও ধর্ম নির্বিশেষে কেবল যোগ্যদেরই এই সুবিধা দেওয়া হচ্ছে। মমতার লাইভ ভিডিওর জবাবে শুভেন্দু তোপ দেগে বলেন, “ফেসবুকেই থাকুন… আপনাকে রাস্তায় আর বেরোতে হবে না। রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন, তার ব্যবস্থাও আমি করব।”

শুভেন্দুর এই ‘হুমকি’র পর সমাজমাধ্যমে সরব হন তৃণমূলনেত্রী। দেশের মাননীয় রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও জনগণের দৃষ্টি আকর্ষণ করে মমতা প্রশ্ন তোলেন, সাংবিধানিক প্রধান পদে বসে কীভাবে একজন মুখ্যমন্ত্রী বিরোধীদের মুক্ত চলাফেরার স্বাধীনতা কাড়ার হুমকি দিতে পারেন? তিনি স্পষ্ট জানান, স্বৈরাচারের সামনে মাথা নত করার মানুষ তিনি নন এবং ইতিহাস প্রমাণ করে ঔদ্ধত্যকে শেষ পর্যন্ত জনগণের কাছে জবাবদিহি করতেই হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *