ফি বাড়তেই তোলপাড় পাক বিশ্ববিদ্যালয়ে! পড়ুয়াদের বিক্ষোভের মাঝেই সেনা আধিকারিকের গুলি

লাগামছাড়া ফি বৃদ্ধি এবং নিয়মিত ক্লাস না হওয়ার একাধিক অভিযোগে উত্তাল হয়ে উঠল ইসলামাবাদের সারহাদ বিশ্ববিদ্যালয়। কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো প্রতিকার না মেলায় দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মনে যে ক্ষোভ জমছিল, সোমবার তার চরম বিস্ফোরণ ঘটে। প্ল্যাকার্ড হাতে ও স্লোগানে মুখরিত হয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় চত্বরে তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ডঃ আইনা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে গেলেও তারা আলোচনায় বসতে অস্বীকৃতি জানান। এরপরই পরিস্থিতি সামাল দিতে তিনি তার স্বামীকে ডেকে পাঠান, যিনি পাকিস্তানি সেনার একজন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক।
ঘটনাস্থলে ওই সেনা আধিকারিক পৌঁছানোর পর উত্তেজনার পারদ আরও চড়ে যায়। অভিযোগ ওঠে, তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চড়াও হয়ে তাদের বেধড়ক মারধর করেন এবং কয়েকজনকে জামার কলার ধরে টেনেহিঁচড়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে, শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে ওই আধিকারিক চরম বলপ্রয়োগ করছেন। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তিনি আচমকাই পিস্তল বের করে শূন্যে গুলি ছোঁড়েন। এই আকস্মিক ঘটনায় পুরো চত্বরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।