পারিশ্রমিক চাইতে গিয়ে কাঠমিস্ত্রিকে মারধরের গুরুতর অভিযোগ! ফের আইনি বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী?

বকেয়া পারিশ্রমিক চাইতে গিয়ে চরম হেনস্তার শিকার এক কাঠমিস্ত্রি! অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধর, হুমকি এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগে বেহালা থানায় একটি লিখিত মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারী রাজ কাপুর শর্মার দাবি, সোহমের ফ্ল্যাটে দীর্ঘ দেড় মাস ধরে কাঠের ফার্নিচারের কাজ করার পর ৭৯ হাজার টাকা বকেয়া পাওনা ছিল। বারবার ঘোরানোর পর গত সোমবার তাঁকে অভিনেতার বাড়িতে ডেকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় এবং সাফ জানিয়ে দেওয়া হয় কোনো টাকা দেওয়া হবে না।
এরপর পারিশ্রমিক নিয়ে ফের দাবি জানাতে গেলেই তাঁকে বেধড়ক মারধর করা হয় এবং তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলে অভিযোগে প্রকাশ। এর আগেও একাধিক ঘটনায় সোহমের আক্রমণাত্মক আচরণ জনসমক্ষে এসেছিল, যা নিয়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছিল। কাঠমিস্ত্রিকে মারধরের এই সাম্প্রতিক ঘটনায় রাজনৈতিক মহলেও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে এই গুরুতর অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত অভিনেতা সোহম চক্রবর্তীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।