হিজাব কি ইসলামে বাধ্যতামূলক? এলাহাবাদ হাই কোর্টের রায়ে বড় ধাক্কা মুসলিম ছাত্রীর!

স্কুলের ইউনিফর্মের সঙ্গে হিজাব পরার অনুমতি চেয়ে করা এক মুসলিম পড়ুয়ার আবেদন খারিজ করে দিল এলাহাবাদ হাই কোর্ট। আদালত সাফ জানিয়েছে, হিজাব পরাটা ইসলাম ধর্মে বাধ্যতামূলক কোনও বিষয় নয়। স্রেফ ধর্ম পালনে স্বাধীনতার যুক্তি দেখিয়ে স্কুল ইউনিফর্মের গুরুত্বকে খাটো করা যায় না। একাদশ শ্রেণির ওই পড়ুয়া ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত নির্দিষ্ট স্কুলেই ইউনিফর্মের সঙ্গে হিজাব পরে আসত, কিন্তু একাদশ শ্রেণিতে ওঠার পর সমস্যা তৈরি হলে সে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল।
বিচারপতি জে জে মুনির ও বিচারপতি ইন্দ্রজিৎ শুক্লার বেঞ্চ শুনানিতে স্পষ্ট জানিয়েছে, ইসলামের অবশ্যপালনীয় কর্তব্য বা স্তম্ভগুলির মধ্যে হিজাব পরিধানের কোনও উল্লেখ নেই। বিদ্যালয়ের প্রতিটি পড়ুয়াকে সমান চোখে দেখা এবং শৃঙ্খলা রক্ষার মতো বিষয়গুলির সঙ্গে ইউনিফর্ম ওতপ্রোতভাবে জড়িত। আদালত মনে করিয়ে দিয়েছে, ব্যক্তিগত বিশ্বাসের কারণে স্কুলের সুনির্দিষ্ট পোশাকবিধি বদল করা যায় না। এর আগেও একাধিক আদালত একই রায় দিয়েছে এবং সেই আইনি অবস্থানেই অটল রয়েছে এলাহাবাদ হাই কোর্ট।